বগুড়ায় সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের জামালপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের আশরাফ আলী মণ্ডলের ছেলে আব্দুল আজিজ মণ্ডল (৩২) ও শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের আশরাফ আলীর স্ত্রী হাওয়া বেগম (৩৫)।
আহত জামালপুর গ্রামের মৃত তছলিম উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেওয়া (৪৫)। আরেকজনের পরিচয় জানা যায়নি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার জামালপুরে একটি বাড়িতে ঢুকে পড়ে।
এতে দু’জন নিহত ও দু’জন আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়।
এমকে





