চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
নিহতরা হলেন- জামাল উদ্দিন (৩৫) এবং মোহাম্মদ হাছান (২৬)।
বৃহস্পতিবার গভীর রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ভোলাগামী প্রান্তি পরিবহণের একটি বাস (বাস নং-চট্টগ্রাম মেট্রো ভ-০৫-০১৮২) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই জোরারগঞ্জ এলাকা অতিক্রম করার সময় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে তার সঙ্গে ধাক্কা লাগে। এতে দ্রুতগামী বাসটি সড়কের ওপর উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই যাত্রী মর্মান্তিকভাবে নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন আরো কমপক্ষে ১৫ যাত্রী।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সার্জেট ফরিদ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এমআর





