দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের বৈঠক শুরু হয়েছে। 
আজ সোমবার বিকেল পাঁচটায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রথম দিনের এ বৈঠক শুরু হয়। 
অধিবেশনে বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে আনার লক্ষ্যে মন্ত্রী পরিষদে অনুমোদন পাওয়া সংবিধান সংশোধন বিলসহ ১২টিরও বেশি বিল উত্থাপিত হবে। 
গত ১১ আগস্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেয়া ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশ) শেষ হয় গত ৩ জুলাই।
সংসদ সচিবালয় সূত্র জানায়, এটি অনেকটা নিয়ম রক্ষার অধিবেশন। শুধুমাত্র কয়েকটি বিল পাস ছাড়া এই অধিবেশনে তেমন কোনো কাজ নেই। এজন্য অধিবেশনের মেয়াদও হবে খুব সংক্ষিপ্ত। তবে এ অধিবেশন কত দিন চলবে এবং কি কি বিষয় নিয়ে আলোচনা হবে- তা ঠিক করতে আজ বিকেল ৪টায় সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হবে কার্য-উপদেষ্টা কমিটির। সংসদের এই তৃতীয় অধিবেশন ১০ থেকে ১৫ কার্যদিবস পর্যন্ত চলতে পারে বলে জানা গেছে। 
সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদ সচিবালয়ের জমা হওয়া বিলগুলো হচ্ছে- বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০১৪, ডিঅক্সিরাইবোনিউকিক এসিড (ডিএনএ) বিল-২০১৪, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল ২০১৪, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল ২০১৪, বান্দরবন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৪, দ্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) অর্ডার (সংশোধনী) বিল ২০১৪, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বিল-২০১৪, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ বিল-২০১৪ এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ গবেষণা বিল-২০১৪। 
ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেবি, এসএইচ