ঢাকার রাস্তায় যানজট নিরসনে প্রাইভেটকার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার সকালে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টসহ ১২টি পরিবেশবাদী সংগঠন।
এর আগে সংগঠনগুলো শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। এরপর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে এই মানববন্ধনে বক্তব্য রাখেন প্রত্যাশার নির্বাহী পরিচালক একেএম সিরাজুল ইসলাম, বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনূন সাঈদ রানা প্রমুখ।

বাক্তারা বলেন, ঢাকায় যানজটের কারণে বছরে অন্তত ২০ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। একইসাথে অনিয়ন্ত্রিতভাবে প্রাইভেটকার বেড়ে যাওয়ায় বাতাস দূষিত হচ্ছে।

বক্তারা আরও জানান, রাস্তায় দুটি প্রাইভেটকার একটি বাসের জায়গা দখল করে। যেখানে একটি বাসে ৭০-৮০ জন যাত্রী বহন করা যায় সেখানে দুটি প্রাইভেটকারে চালকসহ সর্বোচ্চ ১০ জন মানুষ যাতায়াত করতে পারে।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই