গাজীপুরের কাপাসিয়ায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ইয়াকুব আলী (৩৫) ও সুলতান মিয়া (৩৩) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে ফকির মজনু শাহ সেতুর পূর্বপাশে টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

ইয়াকুব ময়মনসিংহের ত্রিশালের খোরশেদ মণ্ডলের ছেলে এবং ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একজন কর্মচারী।

এছাড়া সুলতান কাপাসিয়া উপজেলার রায়েদ গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি শ্রীপুর থানায় রাইটার হিসেবে কাজ করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, ফকির মজনু শাহ সেতুর পূর্বপ্রান্তে টোলপ্লাজার সামনে তুলাভর্তি একটি ট্রাক দাঁড়িয়েছিলো।

দুই মোটরসাইকেল আরোহী কাপাসিয়া থেকে রায়েদ যাচ্ছিলেন। ব্রিজ পার হয়ে টোলপ্লাজা অতিক্রমের সময় ট্রাকের পিছনে লেগে যায়। এতে ছিটকে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। কাপাসিয়া থানা পুলিশ ট্রাকটি আটক করেছে।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর