জলবায়ু তহবিল ছাড় ও ব্যবহারে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)।
আজ সোমবার টিআইবি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে অ্যানেক্স-১ ভুক্ত উন্নত দেশসমূহ জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য “নতুন” ও “অতিরিক্ত” অর্থ প্রদানের প্রতিশ্রুতির পাশাপাশি দ্রুত তহবিল ছাড়ে কপ-২০ সম্মেলন থেকে সুস্পষ্ট দিকনির্দেশনার আহ্বান জানানো হয়।
টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত ইয়ুথ এনগেইজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস)সহ ঢাকায় অবস্থিত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তরুণদের অংশগ্রহণে মানব বন্ধনটি সকাল ১০.৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক; এছাড়াও উপস্থিত ছিলেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান।
অধ্যাপক ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক বলেন, “জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা এমনই এক বিষয় যে কার্বন নিঃসরণ করছে উন্নত বিশ্ব আর ক্ষতির শিকার হচ্ছে আমাদের মত দেশসমূহ বিশেষত এসব দেশের উপকূলীয় এলাকার মানুষ। তাই জাতীয় ও আন্তর্জাতিকভাবে ভাবে সকলকেই পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবদান রাখতে হবে।”
ইফতেখারুজ্জামান বলেন, “জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী অ্যানেক্স-১ ভূক্ত উন্নত দেশগুলো প্রদত্ত প্রতিশ্রুতি অনুয়ায়ী প্রতিবছর ১০০ বিলিয়ন ইউএস ডলার প্রদানের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত মাত্র ৮% তহবিল ছাড় করেছে যা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জ্বার।”
তিনি কোপেনহেগেন চুক্তির আওতায় এ্যানেক্স-১ ভুক্ত উন্নত দেশসমূহ জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ) সহ অন্যান্য অভিযোজন তহবিলে “নতুন” ও “অতিরিক্ত” অর্থ প্রদানের প্রতিশ্রুতির পাশাপাশি দ্রুত তহবিল ছাড়ে লিমা সম্মেলনে উল্লেখযোগ্য ও সুস্পষ্ট দিকনির্দেশনা প্রণয়নের দাবি জানান।
লিমা সম্মেলনে বাংলাদেশ সহ বিশ্বের ১৯৫ টি দেশের সরকারের প্রতিনিধি, বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং বহুপাক্ষিক আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন। এ সম্মেলনের মূল উপজীব্য হলো বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কম কার্বন নিঃসরণ, ভবিষ্যত পৃথিবী, ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজনের জন্য সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ) সহ বিভিন্ন তহবিল সংগ্রহে একটি সার্বজনীন এবং বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা করা।
উল্লেখ্য, দেশের উপকূলীয় অঞ্চলসহ জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে রয়েছে এমন ২১টি জেলায় টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে একই দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।
জেইউ/এসএইচ





