স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “টিকা দিয়েই শুধু করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়, আমাদের স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মানতে হবে। সবাই মিলে চেষ্টা করলে বাংলাদেশ থেকে করোনা নিয়ন্ত্রণ করা সহজ হবে।”
শনিবার (০৫ জুন) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের আয়োজনে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। খবর ইউএনবি’র।
জাহিদ মালেক বলেন, “যাদের দেশে করোনা নিয়ন্ত্রণে আছে, তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ভালো আছে। আর যাদের করোনা নিয়ন্ত্রণে নেই, তারা বিধ্বস্ত হয়ে গেছে। কাজেই আমাদের সবাইকে চেষ্টা করতে হবে করোনা নিয়ন্ত্রণে রাখতে।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য বিভাগসহ সকল বিভাগ করোনা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে, যে কারণে আমাদের দেশে ওষুধের অভাব হয়নি, খাদ্যের অভাব হয়নি। আমাদের কৃষিখাদ ও শিল্পকারখানা সচল রয়েছে। আমাদের অর্থনীতির অনেক দেশের চেয়ে ভাল। করোনার কারণে বাংলাদেশসহ তিনটি দেশ ছাড়া সকল দেশ অর্থনীতি মাইনাসে আছে। আমাদের জিডিপির গড় এখনো ৬ পারসেন্ট আছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার বক্তব্য দেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন ৫০টি স্টলে উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস মুরগি, ঘোড়া, হরিণ, ময়ূর ঘুরে দেখেন।
এদিকে শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাতপাতালে স্বাস্থ্যমন্ত্রীর মাতা মরহুমা ফৌজিয়া মালেকের স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এমবি





