ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের আলাদা দুই জায়গায় পাহাড় ধস ও দেয়াল ধসে মা-মেয়েসহ মোট চারজন নিহত হয়েছেন। গতকাল মধ্যেরাতে পৃথক দুটি জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

রোববার রাত ১টার দিকে নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় দেয়াল ধসে একজন নিহত হন।

অপরদিকে রাত আড়াইটার দিকে নগরের ফিরোজশাহ কলোনির ১ নম্বর ঝিল এলাকায় পাহাড় ধসে তিনজন নিহত হন।

দেয়াল ধসে চট্টগ্রামের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় নিহত ব্যাক্তির নাম লাল্টু (৪৫)। একই ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। দেয়াল ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছেন।

শনিবার (১৩ অক্টোবর) দিনগত রাত একটার দিকে রহমান নগর ও হিলভিউ আবাসিকের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দীন মাহমুদ।

এদিকে আজ রোববার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দীন জানান, প্রবল বৃষ্টিতে পাহাড়ের পাদদেশে দুটি বাড়ি ধসে পড়ে। এতে নূর জাহান, তাঁর মেয়ে নূর বানু ও নূর জাহানের মা জহুরা খাতুন মারা যান।

 

নূর জাহান আর নূর বানুর লাশ ভোরেই উদ্ধার করা হয়েছে। আজ সকাল সাড়ে ৮টায় জহুরা খাতুনের লাশ উদ্ধার করা হয়। জহুরা লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

 

নূর জাহানের স্বামীর নাম নূর মোহাম্মদ। তাঁদের এক ছেলে ও পাঁচ মেয়ে। নূর বানু সবার ছোট। তার বয়স আড়াই বছর। সবার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে।

 

নূর মোহাম্মদ বলেন, গতকাল রাতে বৃষ্টির মধ্যে তিনি ঘরের মালামাল সরিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিছু মালামাল ও তিন মেয়েকে তিনি সরিয়ে অন্য জায়গায় রেখে আসেন। সব শেষে ঘরের টিভিসহ অন্যান্য মালামাল ও স্ত্রী-শাশুড়িকে নিয়ে যাওয়ার কথা। কিন্তু সে সুযোগ তিনি আর পাননি। শেষবার এসে দেখেন ঘরের মধ্যে পাহাড় ধসে পড়েছে।

 

জেড