দুর্যোগ ব্যবস্থাপনায় দেশের রোল মডেল হবে ময়মনসিংহ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল।

তিনি বলেন, ভূমিকম্প প্রতিরোধ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ইউএনডিপি’র সার্বিক ব্যবস্থাপনায় ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় দেশের একমাত্র পাইলট প্রকল্প পরিচালিত হচ্ছে। এটি এক সময় দেশের দুর্যোগ মোকাবেলায় রোল মডেল হিসেবে গড়ে উঠবে।

তখন এ প্রকল্পের সংশ্লিষ্টরা ভূমিকম্প প্রতিরোধ ও দুর্যোগ ব্যবস্থাপনায় দেশের মানুষকে শিক্ষা দেবেন।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে পৌর মিলনায়তনে ইউএনডিপি ও ময়মনসিংহ পৌরসভার যৌথ আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুর্যোগ ও ত্রাণ সচিব শাহ কামাল আরো বলেন, দুর্যোগ মোকাবেলায় ইতোমধ্যে ১০০ কোটি টাকার তাবু কেনা হচ্ছে। ৩০ হাজার ফায়ার সার্ভিস কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও ১৪ লাখ ৫০ হাজার স্কাউট কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

দুর্যোগ মোকাবেলায় লজিস্টিক সার্পোট নিতে ইতোমধ্যে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীকে ১৬৯ কোটি টাকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের চেয়ে ৫০ গুন বেশি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ। এমনকি আফ্রিকাসহ বিশ্বের যেসব দেশে বৃষ্টিপাত হয় না, সেগুলোর চেয়ে ৪ গুন বেশি ঝুঁকিপূর্ণ বাংলাদেশ।

ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটুর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব মো. মহসিন, ইউএনডিপি’র সহকারী কান্ট্রি ডিরেক্টর খোরশেদ আলম, ময়মনসিংহ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এটিএম তারিকুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে মেয়র মো. ইকরামুল হক টিটু নগরীর জলাবদ্ধতা নিরসনে দুর্যোগ ও ত্রাণ সচিবের সহযোগিতা কামনা করে বলেন, নিশ্চিত নিরাপত্তার মধ্যে আমরা আমাদের জীবনকে ঢেলে সাজাতে চাই। এজন্য দুর্যোগ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

ওএফ