বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তে মিয়ানমারের বিজিপির গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম জয়নাল আবেদীন।
সোমবার সকাল ৯টার দিকে জেলার আশারতলী সীমান্তের ৪৬ ও ৪৮ নং পিলারের মাঝখানে কাজ করতে যাওয়ার সময় মিয়ানমারের বিজিপির সদস্যরা গুলি চালালে জয়নাল আবেদীন (২৩) নিহত হন।
তার বাড়ি নাইক্ষ্যংছড়ির আশারতলী এলাকায়। এসময় তার সঙ্গে আরো দুই বাংলাদেশি শ্রমিক থাকলেও তারা পালিয়ে প্রাণে রক্ষা পান।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়েত বলেন, বিজিপি ছয় রাউন্ড গুলি করলে জয়নাল ঘটনাস্থলেই নিহত হন। তার লাশ বিজিপি নিয়ে গেছে। মিয়ানমার থেকে আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেলস ব্যাটেলিয়নের লে. কর্নেল পারভেজ জানান, একজন নিহত হওয়ার বিষয় আমরা জানার পর বিজিপির সঙ্গে যোগাযোগ করেছি। তারা সত্যতা স্বীকার করেনি।
এমকে





