মাদারীপুরের রাজৈরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।

ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের সাধুর ব্রিজ এলাকায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে বরিশালগামী পণ্যবাহী একটি পিকআপ সাধুর ব্রিজ এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। ঘটনাস্থলে পিকআপচালক নিহত ও হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, নিহত চালকের পকেটে থাকা পণ্যের একটি রশিদ দেখে নিশ্চিত হওয়া গেছে তিনি কুষ্টিয়ার বাসিন্দা। পুলিশ নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

এএইচ