নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রনজিৎ কুমার বিশ্বাসকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এয়ার হেলিকপ্টারে করে তাকে রাজশাহী থেকে ঢাকায় আনা হয়।
বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাকের মোড়ে শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে সংস্কৃতি সচিবকে বহনকারী জিপকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সংস্কৃতি সচিব, গাড়িচালক ও তার দেহরক্ষী আহত হন।
রাজশাহী জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী থেকে একটি অনুষ্ঠান শেষে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রনজিৎ কুমার বিশ্বাস দুপুর দেড়টার দিকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন। তাকে বহনকারী পাঁজেরো জিপটি নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকের মোড়ে পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
এসময় আহত সচিবকে দ্রুত একটি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. বিকে দাম জানান, তার লেফট হিপ ডিসপ্লেস হয়ে গেছে। অস্ত্রোপচার চলছে। মাথায় গুরুতর আঘাত আছে। তাকে ঢাকায় পাঠানো হবে। এয়ার অ্যাম্বুলেন্সের আসার অপেক্ষা করা হচ্ছে। এছাড়াও ড. রনজিৎ কুমার বিশ্বাসের অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার মাথা ও পায়ে আঘাত রয়েছে। তার চিকিৎসা চলছে।
ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





