অপহরণের পাঁচ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ফরিদপুর শিবরামপুর আরডি একাডেমির সপ্তম শ্রেণির ছাত্রী মারুফা বেগম (১৩)। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে তার পরিবার ও সহপাঠীরা।
অপহরণের ঘটনায় মারুফার বাবা মাইনুদ্দিন কাজী বাদী হয়ে কোতোয়ালি থানায় অপহরণ মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন, ৩০ এপ্রিল স্কুলে যাওয়ার পথে একদল যু্বক শিবরামপুরের এমদাদিয়া হাসানিয়া মাদ্রাসার সামনে থেকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
মাঈনুদ্দিন জানান, মামলা দায়েরের পর মারুফার কোনো সন্ধান দিতে পারছে না পুলিশ প্রশাসন। এতে তার পরিবার চরম আতঙ্কে রয়েছে।
এদিকে সহপাঠী উদ্ধার না হওয়ায় আরডি একাডেমির আতঙ্কিত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বুধবার স্কুল বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে অভিভাবকরা জানান, সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে চরম দুশ্চিন্তায় থাকেন তারা।
এদিকে ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন দাবি করছেন, অপহরণের সঙ্গে কারা জড়িত তা জানতে পেরেছেন। শীঘ্রই তাদের গ্রেফতার করে স্কুলছাত্রীকে উদ্ধার করা হবে বলে আশ্বাস দেন তিনি।
এমই





