নানামুখী চাপে প্রায় এক মাস বন্ধ থাকার পর বছরের প্রথম দিন থেকে চট্টগ্রামে বিলবোর্ড উচ্ছেদে নতুন করে অভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই বিলবোর্ড উচ্ছেদে সরাসরি উপস্থিত থেকে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল।
সকালে চট্টগ্রাম মহানগরীর ওয়াসার মোড় এলাকায় একটি বিশাল আকৃতির বিলবোর্ড উচ্ছেদ কালে বাধা দেওয়ার চেষ্টা করায় এক যুবককে আটক করা হয়েছে।

সিএমপি সূত্র জানায়, কিছু প্রতিবন্ধকতার কারণে চট্টগ্রাম মহানগরীতে বিলবোর্ড উচ্ছেদের ধারাবাহিক অভিযান কিছুদিন বন্ধ ছিল। প্রায় এক মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডলের নেতৃত্বে বিলবোর্ড উচ্ছেদে নতুন করে অভিযান শুরু হয়েছে।

প্রথম দিনের অভিযানে নগরীর ওয়াসা, লালখানবাজার ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৪টি বড় বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে এক বিলবোর্ড কোম্পানির কর্মচারীকে। এর আগে গত এক মাস পূর্বে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪২২টি অবৈধ বিলবোর্ডের তালিকা নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে সিএমপি। এক সপ্তাহের অভিযানে প্রায় ৩৫টির মত বিলবোর্ড উচ্ছেদের পর রহস্যজনক কারণে অভিযান থেমে যায়।

কথিত রয়েছে চট্টগ্রাম মহানগরীর অবৈধ বিলবোর্ড ব্যবসার নেতৃত্বে রয়েছে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। ফলে রাজনৈতিক চাপের কারণে সিএমপির বিলবোর্ড উচ্ছেদ অভিযান থেমে যায়।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) শাহ মোহাম্মদ আবদুর রউফ জানান, কিছু সমস্যা ও সীমাবদ্ধতার কারণে বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রম কিছুদিন বন্ধ ছিল। বছরের প্রথম দিন বৃহস্পতিবার থেকে এই অভিযান আবার শুরু হয়েছে। চট্টগ্রাম মহানগরীর সৌন্দর্য্য রক্ষায় নগরী থেকে সব অবৈধ বিলবোর্ড ধারাবাহিক অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে।
জেআই