মৌলভীবাজারে সরকারি কাজে বাধা দানের অভিযোগে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মৃত অ্যাডভোকেট এ বি কবির আহমদকে। এছাড়া ওই মামলায় কয়েকজন প্রবাসী ও সাবেক শিবির নেতাকেও আসামি করা হয়েছে।
সোমবার রাতে মৌলভীবাজার মডেল থানায় এ মামলা দায়ের করেছেন উপপরিদর্শক (এসআই) আব্দুল হাসিম।
মামলায় ২০ দলীয় জোটের ১৩০ জনের নাম উল্লেখ করে ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট এ বি কবির আহমদ ২০১৩ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। যাকে মামলায় ৯৯নং আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় শিবিরের সাবেক আরো তিন নেতাকে আসামি করা হয়েছে। যারা দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করছেন।
এদিকে, মামলা দায়েরের পর রাতেই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৫ জানুয়ারি ২০ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচি মৌলভীবাজারে পালন করা হয়। কালোপতাকা মিছিল ও সমাবেশের শেষ পর্যায়ে কুসুমবাগ এলাকায় মিছিল পরবর্তী সমাবেশে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকাগুলি বর্ষণ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়।
এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সালেক জানান, তিনি অফিসের বাইরে আছেন। আসামির তালিকা না দেখলে বলতে পারবেন না।
জেএ





