গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত কর্মীসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, নাশকতার মামলায় জেলার গোবিন্দগঞ্জ থানায় বিএনপির ১ জন ও পলাশবাড়ী থানায় জামায়াতের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, সাঘাটা, ফুলছড়ি ও সদর থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ও চুরি, ছিনতাই, মারপিটসহ অপরাধমূলক মামলায় ২৬ জনকে গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, নাশকতার মামলায় ১০ জন ও অন্যান্য অপরাধমূলক মামলায় ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এমকে





