করোনাভাইরাসে ক্ষয়ক্ষতি মোকাবিলায় দেশের অর্থনৈতিক প্রভাব উত্তরণে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (০৫ এপ্রিল) রোববার সকাল ১০টায় গণভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। বাংলাদেশ টেলিভিশন ও বেতার ওই ব্রিফিং সরাসরি সম্প্রচার করে।
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা ঘোষণার উদ্দেশে এই সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি বাংলাদেশে এখনও নিয়ন্ত্রণে আছে। আমরা এই সংকট মোকাবেলা করতে পারব।
প্রধানমন্ত্রী বলেন, তাৎক্ষণিক, স্বল্পমেয়াদী, মধ্যমেয়দী ও দীর্ঘমেয়াদী- এই চারভাগে বাস্তবায়নের লক্ষ্যে চারটি কার্যক্রম নিয়ে সরকারের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে।
করোনার বিশ্ব পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ সময়মতো যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে আল্লাহর রহমতে এখনও আমাদের এখানে ব্যাপক সংক্রমণ ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “আশার বাণী এটুকু যে সুস্থতার লক্ষণ বেশি। আমরা দেখছি মানুষ সুস্থ হচ্ছে, কাজেই এখানে খুব বেশি একটা ঘাবড়ানোর কিছু নেই। তবু আমি মনেকরি সবাই যদি নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা যথাযথবভাবে মেনে চলেন তাহলে খুব দ্রুত সুস্থতা লাভ করতে পারবেন।”
এমবি





