২১তম রাষ্ট্রপতি হিসেবে আগামী ১৫ এপ্রিল শপথ নিচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে স্পিকার শিরীর শারমিন চৌধুরী রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন। এ শপথ তাঁর টানা দ্বিতীয় মেয়াদের জন্য।

আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

এর আগে স্বাধীনতার পর ১৯ মেয়াদে ১৬ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন আবদুল হামিদ।

সেই মেয়াদ ফুরিয়ে আসায় গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ৫ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের দিন একমাত্র আবদুল হামিদের মনোনয়নপত্রই জমা পড়ে। ফলে গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের একবিংশতম রাষ্ট্রপতি পদে বর্তমান রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুননির্বাচিত ঘোষণা করে নুরুল হুদা কমিশন।

বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ফেরার পর শুধু ১৯৯১ সালেই রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছিল। এরপর থেকে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন।

সংবিধানে সর্বোচ্চ দুই বার রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ থাকে। এটাই হবে আবদুল হামিদের শেষ মেয়াদ।

এমবি