জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘আন্তর্জাতিক অঙ্গন বাংলাদেশকে এখন আর তলাবিহীন ঝুড়ি হিসেবে দেখছে না। রেমিট্যান্স, রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রেই বাংলাদেশ উন্নতি করছে। বিদেশি ফোরামে অংশ নিলে তারা অবাক হয়ে জানতে চায়, বাংলাদেশ বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও কীভাবে উন্নতি করে যাচ্ছে।’
সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে স্পিকার এ কথা বলেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সাবেক সদস্য। সিপিএ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় স্পিকারকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবর্ধনা দেয়।
স্পিকার বলেন, ‘জাতীয় সংসদের সরকারদলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী বিভিন্ন দেশের আইনসভার আন্তর্জাতিক সংগঠন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট (আইপিইউ) নির্বাচিত হয়েছেন। আমি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এ দুটি বিজয় বাংলাদেশের জন্য মাইলফলক। এ বিজয় দেশের জনগণের।’
বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত।
বক্তব্যে স্পিকার বলেন, বাংলাদেশের দুজন প্রতিনিধি বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর দুটি সংগঠনে নেতৃত্ব দিচ্ছেন। এ বিজয় অর্জনের পেছনে দেশের গণতন্ত্র অব্যাহত থাকা এবং সংসদ কার্যকর থাকার মতো বিষয়গুলো সহায়ক ভূমিকা পালন করেছে।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়। এর আগে স্পিকার এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিএসএমএমইউয়ের ভেতরে বঙ্গবন্ধুর একটি ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
জেআই





