দুই দিনের বাংলাদেশ সফরে আসছেন ভারতের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি আলতমাস কবির। আগামীকাল বুধবার তিনি দুই দিনের সফরে ঢাকায় এসে পৌছাবেন বলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন সূত্র নিশ্চিত করেছে।
সফরের প্রথম দিন বুধবার তিনি ঢাকায় স্থাপিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় শান্তা মারিয়ামে এক কনভোকেশনে মূল স্পীকার হিসেবে বক্তব্য রাখবেন।
এছাড়া ঢাকায় অবস্থানকালে ভারতের এই সাবেক প্রধান বিচারপতি বাংলাদেশের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের সাথেও বৈঠক করবেন।
সফরের শেষ দিন বৃহস্পতিবার বিকেলে তিনি ‘সবার জন্য ন্যায়বিচার’ শীর্ষক এক আলোচনায় বক্তব্য দিবেন। রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এই আলোচনা অনুষ্ঠিত হবে।    
বিচারপতি কবির ১৯৪৮ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী অধ্যাপক হুমায়ন কবিরের ছেলে। প্রাথমিক থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষা কলকাতাতেই সম্পন্ন করেন বিচারপতি কবির।  
ভারতের এই সাবেক বিচারপতি ১৯৭৩ সালে আইন পেশা শুরু করেন। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর তিনি ভারতের ৩৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। ২০১৩ সালের ১৮ জুলাই তিনি অবসর যান।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]