সম্পূর্ণ অবৈধ পন্থায় ও আইন বহির্ভূতভাবে কোলকাতার দমদম কারাগার থেকে ৫০ জন বাংলাদেশী নাগরিককে বিএসএফ কর্তৃপক্ষ পুশব্যাক করবে বলে রাইটস্ যশোর সূত্রে দাবি করা হয়েছে।
এ বিষয়টি জানিয়ে মানবাধিকার সংগঠন রাইটস্ যশোরের নির্বাহি পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, ভারতের একটি মানবাধিকার সংগঠন তাকে জানিয়েছে দমদম কারাগারে আটক ৫০জন বাংলাদেশী নাগরিককে শুক্রবার রাতে সীমান্তের যেকোন পয়েন্ট দিয়ে পুশব্যাক করা হতে পারে।
এ ব্যাপারে বিনয় কৃষ্ণ মল্লিকের দাবি, বিভিন্ন সময়ে অবৈধভাবে বাংলাদেশী নাগরিকরা ভারতে প্রবেশ করলে সে দেশের আইনশৃংখলা বাহিনী আটক করে। আটককৃতদের বিরুদ্ধে ফরেন এ্যাক্টে মামলা দায়ের হয়। এই মামলায় তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। তাদের সাজার মেয়াদ শেষ হলে প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে ফেরত পাঠানোর কথা।
কিন্তু ওই পদ্ধতিতে তাদের দেশে ফেরত না পাঠিয়ে রাতের আধারে গোপনে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়। এভাবে পাঠানোর সময় আইনশৃংখলা বাহিনীর সদস্যদের হাতে এবং বিভিন্ন দুষ্কৃতকারীদের হাতে তারা নিগৃহিত এবং শ্লীলতাহানির শিকার হয়। যা মানবাধিকারের চরম লংঘন। এ বিষয়টি তিনি বিজিবি’র রিজিওনাল কমান্ডারকে অহহিত করেছেন বলেও জানান।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





