বনানীর কবরস্থানে সবুজ ঘাসে ঢেকে থাকা কোকোর সমাধিতে মানুষের ফুলেল শ্রদ্ধা আর মানুষের ভীড় লেগেই আছে। আজ ভোর থেকে রাত অবধি মানুষ আর মানুষ।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে আজ বুধবার সকাল থেকে শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানী কবরস্থানে কোকোকে সমাহিত করা হয়। এর আগে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তাঁর দ্বিতীয় জানাজা হয়।
বুধবার সকালে বনানী কবরস্থানে গিয়ে দেখা যায়, কোকোর কবরের চারপাশে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। মাটি দিয়ে কবরটি উঁচু করা হয়েছে। ছোট ছোট সবুজ ঘাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে পুরো কবর।

সকাল থেকে অনেক মানুষকে সেখানে যেতে দেখা গেছে। কেউ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন, কেউ-বা দীর্ঘ সময়। অনেকে কবরের সামনে দাঁড়িয়ে দোয়া পাঠ করেছেন। তবে দুপুর পর্যন্ত সেখানে দলের কোনো শীর্ষ নেতাদের দেখা যায়নি।

বনানীর সিটি করপোরেশন কবরস্থানের তত্ত্বাবধায়ক মফিজুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার রাতের পর আজ দুপুর ১২টা পর্যন্ত বিএনপির শীর্ষ পর্যায়ের কোনো নেতা বা কোকোর পরিবারের কেউ কবরস্থানে আসেননি। অনেক সাধারণ মানুষ এখানে এসে দোয়া করে গেছেন।

মফিজুল ইসলাম জানান, বাড়তি মাটি দিয়ে কোকোর কবর উঁচু করা হয়েছে। সকালে কবরের ওপর সবুজ ঘাসের প্রলেপ দেওয়া হয়েছে। কবরের চারদিক বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে।

কবরটি পাকা করা হবে কি না, এ ব্যাপারে কোকোর পরিবার বা দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি বলে উল্লেখ করেন বনানীর সিটি করপোরেশন কবরস্থানের এই তত্ত্বাবধায়ক।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা আবদুল বারী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে হিসেবে কোকোর কবর সংরক্ষণ করা হতে পারে।

এদিকে কোকোর কবর পাকা করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শাইরুল কবীর খান। তিনি জানান, কোকোর কুলখানি কবে ও কখন অনুষ্ঠিত হবে, এ ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।
জেআই