নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বেড়াতে গিয়ে দুই বন্ধু খুন হয়েছেন। নিহত দুই যুবক নীলফামারীর বাসিন্দা।

আজ (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার সোনারগাঁওয়ের কাঁচপুরের কাজীপাড়া এলাকার একটি মেস থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে একজনকে গলাকাটা অবস্থায় এবং আরেকজনকে রশিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- নীলফামারীর ডোমার জোড়াবাড়ির এরশাদুল ইসলামের ছেলে মিনারুল (২৭) ও একই থানার কামানিয়া গ্রামের দিলু মিয়ার মজনু (৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে মিনারুল ও মজনু সোনারগাঁওয়ে বেড়াতে আসেন। সেখানে সোনাপুর কলাবাগান এলাকায় হাসিনা বেগমের বাড়িতে ভাড়া থাকেন তাদের আত্মীয় ও নীলফামারীর বাসিন্দা বাদশা মিয়া। আজ সকাল ১০টার দিকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সোনারগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) ফরিদ হোসেন জানান, ধারণা করা হচ্ছে বেড়াতে এসে রাতের কোন এক সময় দুজনের মধ্যে কোন কিছু নিয়ে কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে মিনারুলকে হত্যার পর অনুশোচনা থেকে নিজেই আত্মহত্যা করে মজনু।

তারপরও বিষয়টি খতিয়ে দেয়া হচ্ছে, ঘটনার পর বাড়ির মালিক হাসিনা বেগম ও বাদশা মিয়া পলাতক রয়েছে।

এমবি