আগের দিন রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ছোট ভাইয়ের জানাজা-দাফনের কয়েক ঘণ্টা পরই মারা যান চট্টগ্রাম নগর আওয়ামী লীগ নেতা এমএ রশিদ। সোমবার রাতে নগরীর আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান (৬৫) মারা যান।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে তার জানাজা শেষে নগর বাইশ মহল্লা কবরস্থানে তাকে দাফন করা হয়। এরপর বিকাল ৫টা ১০মিনিটে মারা যান আব্দুর রহমানের ভাই নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বলেন, আমরা সবাই আব্দুর রহমান ভাইয়ের জানাজা ও দাফনে ছিলাম। সেখান থেকে ফেরার ঘণ্টাখানেক পর শুনি রশিদ ভাই মারা গেছেন।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন এক শোক বার্তায় বলেন, এম এ রশিদ ও আব্দুর রহমানের মৃত্যুতে গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। উনারা ছিলেন আপাদমস্তক নির্মাহ রাজনীতিবিদ। রাজনীতিকে কখনও অর্থবিত্তের হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি।
এম এ রশিদের মৃত্যুতে শোক জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল শোক প্রকাশ করেন। এছাড়াও নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
এমবি





