পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে রুবেল কাজী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরো ৫জন আহত এবং দুটি বাড়ি ভাঙচুর করা হয়।
শনিবার রাত ৮ টার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মোল্লারকুল গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম কাজী শাহ আলম (২২)। তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের নাম জানা যায়নি।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, এদিন র্যা কেট খেলাকে (ব্যাডমিন্টন) কেন্দ্র করে দুই দল যুবকের মধ্যে বাক-বিতণ্ডা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে ও পূর্ববিরোধের জেরে ওই এলাকার হাফিজুর রহমান খাকী ও লায়েক কাজীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের একপর্যায়ে হাফিজুর রহমান লাইসেন্সকৃত বন্দুক দিয়ে গুলিবর্ষণ করে।
এতে লায়েক কাজীর ছেলে রুবেল কাজী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। হামলাকারীরা এই সময় লায়েক কাজী ও তার ভাইয়ের বাড়িও ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে রাত ৯ টা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এমকে





