বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কুমিল্লার জনসভায় জামায়াত-শিবির নেতাকর্মীদের ব্যাপক সমাগম হয়েছে।
জনসভা শুরুর প্রায় ৮ ঘণ্টা আগ থেকে মাঠ দখলে নিতে নেতাকর্মীরা কুমিল্লার টাউন হল মাঠের পূর্ব পাশে অবস্থান নেন। এসময় তারা কেন্দ্রীয় নেতাদের মুক্তি সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন।
এ ছাড়াও নগরীর বিভিন্ন স্থান থেকে জনসভাস্থল পর্যন্ত জামায়াত-শিবির নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল করতে দেখা গেছে। জনসভার চারদিকে ২০ দলের অন্য নেতাদের থেকে জামায়াত-শিবির নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো।
কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি মো. শাহ আলম জানান, সকাল ৭টা থেকে আমাদের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। এ সমাবেশে জামায়াত-শিবিরের দেড় লক্ষাধিক নেতাকর্মী অংশ নেয়ার টার্গেট আছে।
এদিকে শুক্রবার বিকেলে এক বৈঠকে জোটের স্থানীয় নেতারা টাউন হল মাঠ ভাগাভাগি করে নেন। মাঠের পূর্বভাগের শহীদ মিনারের সামনের অংশ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের জন্য বরাদ্দ। আর পূর্বভাগের বাকি অংশ এবং পশ্চিমভাগ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের জন্য নির্ধারণ করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর-রশিদ ইয়াছিন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মনিরুল হক সাক্কু, মহানগর জামায়াতের সভাপতি কাজী দ্বীন মোহাম্মদসহ ২০ দলের অন্যতম নেতারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
এমএইচ, জেএ





