শেরপুর জেলা শহরের দুর্গা নারায়ণপুর এলাকার এক বাসা থেকে রুপা (১৮) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই এলাকার এক বাসায় গৃহকর্মীর কাজ করতেন রুপা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে এক নারীর বাসার গৃহকর্মীর কাজ নেন রুপা। আজ সকালে ঘরের মধ্যে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। রুপা শেরপুরের শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামের সোবহানের মেয়ে।
ওসি মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই নারীকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাঁকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এমবিএইচ





