লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেছেন, অবৈধভাবে সিএনজিতে চাঁদাবাজি চলবে না। বৈধ ছাড়া অন্য কোন সংগঠন সিএনজি থেকে চাঁদা (জিপি) নিতে পারবে না। অভিযোগ পেলেই অবৈধ সংগঠন ও ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বুধবার দুপুরে জেলা ট্রাফিক বিভিাগের (প্রশাসন) আয়োজিত অনুষ্ঠানে মহাসড়কে সড়ক দূর্ঘটনা, চাঁদাবাজি ও হয়রানি রোধে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মামুন আল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, বিআরটিএ জেলা সহকারি পরিচালক আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) ইকবাল হোসেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন, জেলা বাস মালিক সমিতির সভাপতি নুরনবী চৌধুরী, সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক নিশাদ ভূঁইয়া, রকিব পাটোয়ারি প্রমূখ।

মাহাতাব উদ্দিন আরো বলেন, পুলিশের সেবা নিন-চাঁদাবাজ থেকে দূরে থাকুন। চালক ও মালিকদের রশীদ ছাড়া কোন ধরণের চাঁদা দিবেন না। এসময় তিনি পুলিশের পক্ষ থেকে প্রতি মাসে দুই দিনব্যাপী চালকদের প্রশিক্ষণ দিবেন বলে ঘোষনা দেন। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে যেকোন সমস্যা সমাধানে ট্রাফিক পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।

সড়ক দূর্ঘটনা রোধে গতি নিয়ন্ত্রন, অতিরিক্ত যাত্রী না উঠানো, যত্রতত্র গাড়ি থামানো ও পাকিংয়ের বিষয়ে দিক নির্দেশনা দেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারীও দেন এ পুলিশ কর্মকর্তা।

আলমগীর হোসেন/এসএম