সিলেট কেন্দ্রীয় কারাগারে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। ছাত্রলীগ নেতাকে মুক্তি দিতে বিলম্ব হওয়ায় তারা এ হামলা করেন।

এ সময় ছাত্রলীগকর্মীদের সঙ্গে কারারক্ষীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রলীগের কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটালে কমপক্ষে ১৫ কারারক্ষী আহত হন।

পরে কারারক্ষীরা কারাগারের সামনে রাখা ৩৫টি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ সময় ছবি তুলতে গেলে কারারক্ষীরা পাঁচ সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করে তাদের ক্যামেরা ভাঙচুর এবং তিনটি ক্যামেরা ছিনিয়ে নিয়ে যান।

ডিআইজি প্রিজন মো. তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় কমিটির উপসম্পাদক হিরণ মাহমুদ নিপু মারামারির একটি মামলায় আদালতে জামিন পান। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে নিতে কারাফটকে যান নিপুর সমর্থকরা। নিপুকে মুক্তি দিতে বিলম্ব হওয়ায় তারা ফটকে হামলার চেষ্টা চালান। পরে তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেন কারারক্ষীরা।

এদিকে কারারক্ষীদের হামলায় আহত ফটোসাংবাদিকরা হলেন- প্রথম আলোর আনিস মাহমুদ, সমকালের ইউসুফ আলী, সকালের খবরের শহীদুল ইসলাম, দৈনিক যুগভেরীর মামুন আহমেদ ও দিপু। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমআইএস