বৃহস্পতিবার (২৩ জুলাই) নির্বাচন কমিশনে এসব কথা বলেন তিনি।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংসদের চিঠি পাওয়ার পর বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই। আইন অনুযায়ী দল থেকে পদত্যাগ করলে এমপি পদ না থাকার কথা রয়েছে, কিন্তু দল বহিষ্কার করলে সংবিধান অনুযায়ী এমপি পদ যাওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, সংসদ থেকে রেফারেন্স করলে সিদ্ধান্ত নিতে পারে কমিশন। সংসদ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন। সংবিধান অনুযায়ী স্পিকারের মাধ্যমে সংসদের চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে কমিশন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ইসি বলেন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় কমিশন। সরকারের সঙ্গে কোনো দূরত্ব নেই; অক্টোবরকে হাতে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। আবহাওয়া, সরকারি পরীক্ষাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেই স্থানীয় সরকার নির্বাচনের তারিখ দেয়া হবে।
সম্প্রতি এক তরুণীকে নিয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও ভাইরাল হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে নানান বক্তব্য ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় বুধবার (২২ জুলাই) বিকেলে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করেছে দলটি।
এনএইচ