গাজীপুরের কালিয়াকৈরে এক দম্পতি ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন। এই ঘটনায় ঢাকা-রাজশাহী রেলরুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
শনিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালামপুর খাজারটেক বাগানবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকা জেলার ধামরাই থানার কাকরার এলাকার এনামুল (৩৫) ও তাঁর স্ত্রী আফরোজা (৩০)।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার রেললাইন দিয়ে হাঁটছিলেন এনামুল ও তাঁর স্ত্রী আফরোজা। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তাঁরা। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে। নিহতদের প্রথমে অজ্ঞাত হিসেবে উদ্ধার করলেও পরে পকেটে থাকা চিরকুটে লেখা নাম ও মোবাইল নম্বরের সূত্র ধরে তাঁদের পরিচয় শনাক্ত করা হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার মো: শাহজাহান মিয়া জানান, এই ঘটনায় প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বেলা সাড়ে ১২টার দিকে লাশ সরিয়ে নিলে আবার ট্রেন চলাচল শুরু হয়। এ সময় ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ও জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস এবং রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটিসহ কয়েকটি ট্রেন যাত্রী নিয়ে বিভিন্নস্থানে আটকে ছিল।
এমবি





