রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে নগরীর শাহবাগ মোড়ে রাস্তা পার হওয়ার সময় হাজী মো: রমজান আলী নামে এক বৃদ্ধ শিখর পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন।
পরে তাকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টায় তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি প্রতিদিনের মতো আজও সকালে হাটতে রমনা পার্কে যাওয়ার উদ্দেশ্য লালবাগের বাসা থেকে বের হন। তিনি শাহবাগ মোড় পার হওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হলেন।
অপর দিকে সকাল সাড়ে ৬টার দিকে নগরীর বনানীর সৈনিক ক্লাবের সামনে অজ্ঞাত গাড়ীর চাপায় সুমন (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর আসাদ গেট এলাকায় লেগুনা গাড়ীর ধাক্কায় এক নিরাপত্তা কর্মী ঘটনাস্থলেই প্রাণ হারায়।
এআর





