মাগুরা সদর উপজেলার জাগলায় কার্ভাড ভ্যানচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিন শ্রমিক।
বৃহস্পতিবার গভীর রাতে মাগুরা-যশোর সড়কের আঙ্গারদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,যশোর সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের শাহাদৎ হোসেন (৫২), হুদোরাজাপুর গ্রামের জামাল হোসেন (৫০) ও ওসমানপুর গ্রামের মকিম উদ্দিন (৬০)। আহত তিনজনের বাড়িও যশোর সদর উপজেলার বিভিন্ন গ্রামে।আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই)তরিকুল ইসলাম ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, জাগলা আঙ্গারদহ এলাকায় বৃহস্পতিবার দুপুরে রাস্তার পাশে একটি কার্ভাড ভ্যান উল্টে যায়। বিকালে কাভার্ড ভ্যানটি তুলতে যশোর থেকে সাত থেকে আটজন শ্রমিক আনা হয়। যারা কাজ শেষে রাত পৌনে ১ টার দিকে স্যালো ইঞ্জিন চালিত একটি নসিমনে চড়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।
হঠাৎ যশোর থেকে মাগুরাগামী দ্রুত গতির একটি কার্ভাড ভ্যান নসিমনটিকে চাপা দেয়। এ সময় শ্রমিকবোঝাই নসিমনটি কার্ভাড ভ্যানের নিচে চলে গেলে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহতহন। গুরুতর আহত হন আরো তিন শ্রমিক। পরে মাগুরা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হতাহতদের উদ্ধার করে।
কেএইচ





