সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় গ্রেফতার শহীদুল ইসলাম স্বাধীনকে (স্বাধীন মেম্বার) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এই ঘটনায় গ্রেফতার আরও ২৯ আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে এই আদেশ দেন আদালত।

জেলার সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা দুপুরে আসামিদের রিমান্ড আবেদনের শুনানিতে এই রায় দেন।

সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সেলিম নেওয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাত দেড়টার দিকে সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম (স্বাধীন মেম্বার) কে গ্রেফতার করেছে পিবিআই সিলেট।

শহীদুল ইসলাম স্বাধীনের বাড়ি শাল্লার পার্শ্ববর্তী দিরাই উপজেলার নাচনি গ্রামে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য।