শরীয়তপুরের নড়িয়া মাদ্রাসাছাত্র জিহাদ হত্যাকারীর গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসীরা।
শনিবার সকালে নড়িয়া উপজেলা চত্বরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা নড়িয়া-শরীয়তপুর সড়কে অবস্থান করে সড়ক অবরোধ করে রাখে। এসময় নড়িয়া-শরীয়তপুর সড়কে এক ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
জেলার নড়িয়া উপজেলার ইউনিছিয়া কাওমিয়া কেরাতুল কোরান মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র জিহাদকে চলতি মাসের তিন তারিখে নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে টিফিনের সময় তার বোনের প্রাক্তন স্বামী রুহুল আমিন ডেকে নিয়ে যায়। এর এক দিন পর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার পট্রি ব্রিজের নিচে মেঘনার শাখা নদী থেকে তার লাশ উদ্ধার করে গোসাইরহাট থানা পুলিশ।
এ ঘটনায় নিহত জিহাদের বাবা জাহাঙ্গীর চৌকিদার বাদী হয়ে নড়িয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলার ১০দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো হত্যকারীকে গ্রেফতার করতে পারেনি।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





