ডুবোচরের কারণে দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে স্বাভাবিক ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

ডুবোচরে ফেরি আটকে পড়ে পারাপার ব্যাহত হওয়ায় পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে অন্তত ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক।

বুধবার বেলা ১০টার দিকে দৌলতদিয়া অ্যাপ্রোচ চ্যানেলে যানবাহন বোঝাই রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ডুবোচরে আটকা পড়ে। আড়াই ঘণ্টা চেষ্টার পর দুপুর সাড়ে ১২টার দিকে ফেরিটি উদ্ধার করা হয়।

এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে নদী পার হতে আসা ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্র জানায়, নদীতে পানি ও স্রোত বেড়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পলি ও বালু জমে চ্যানেলের প্রবেশপথ ভরাট হয়ে যাচ্ছে। এতে করে সেখানে সৃষ্টি হয়েছে অসংখ্য ডুবোচর। ফলে যানবাহন বোঝাই ফেরিগুলো চলাচল করতে গিয়ে প্রায়ই ডুবোচরে আটকা পড়ছে।

বুধবার বেলা ১০টার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের একটি রো রো (বড়) ফেরি পাটুরিয়া ঘাট থেকে যানবাহন বোঝাই করে ছেড়ে আসে। ফেরিটি দৌলতদিয়া অ্যাপ্রোচ চ্যানেলে পৌঁছাতেই তা ডুবোচরে আটকে যায়। পরে উদ্ধারকারী জাহাজ আইটি ইংল্যান্ড ট্রাক গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টার পর ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়।

সংশ্লিষ্টরা জানান, ডুবোচরের কারণে বর্তমান এই রুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি সাবধানে ধীর গতিতে ফেরি চালাতে গিয়ে স্বাভাবিক ফেরি পারাপারে সময় লাগছে প্রায় দ্বিগুণ। এতে ফেরির ট্রিপ সংখ্যাও আগের চেয়ে অনেক কমে গেছে।

সরেজমিন দুপুরে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত আড়াই কিলোমিটার দীর্ঘ ৫ শতাধিক পণ্যবাহী ট্রাকের সিরিয়াল। যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করায় চরম ভোগান্তিতের পরেছেন আটকে পড়া ট্রাকের চালক ও হেলপাররা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম বলেন, ডুবোচরে আটকে পড়ার কারণে এই নৌরুটে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। এ কারণে দৌলতদিয়া ঘাটে নদী পারাপারের অপেক্ষায় কিছু ট্রাক আটকে পড়ছে।

রুটের ফেরি বহরে ১৪টি ফেরি সচল থাকায় দ্রুতই আটকে পড়া যানবাহনগুলো নদী পার করা সম্ভব হবে বলে তিনি জানান।

ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই