মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ডাকাতের উপদ্রব দিন দিন যেন বেড়েই চলছে। রাত জেগে সতর্ক পাহারায় গ্রামবাসীর জীবন অতিষ্ঠ।
ডাকাতদের উপদ্রব বৃদ্ধি পাওয়ার ফলে সাতটি গ্রামের মানুষ ডাকাতের আতঙ্কে প্রায় এক মাস যাবৎ রাত জেগে দলে দলে বিভক্ত হয়ে পাহারা দিচ্ছে।
সম্প্রতি উপজেলার ঘিওর, ঠাকুরকান্দি, কৃষ্ণপুর, রসুলপুর, কাহেতারা, গোলাপনগর ও করটিয়ামোড় সহ সাতটি বাড়িতে ডাকাতি হয়েছে। সংঘবদ্ধ ডাকাত দল এইসব এলাকার বাড়িঘর থেকে লোকজনকে মারধর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ বহু টাকার মালামাল নিয়ে যায়। ৪/৫ জন মারাত্মক আহত হন।
পরবর্তীতে ঘিওরে আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে গ্রামবাসীদের উদ্যোগে রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত এবং ১২টা থেকে ভোর রাত পর্যন্ত গ্রুপ ভিত্তিক রাত জেগে পাহারার ব্যবস্থা করা হয়।
কাহেতারা গ্রামের নুরু মেম্বার, কৃষ্ণপুর গ্রামের সেলিম মিয়া (ফজর), রিপন, ঠান্ডু, মজনু, গোলাপনগর গ্রামের অহিদুল ইসলাম টুটুলসহ অনেকেই জানান, ডাকাতদের ভয়ে আমরা গ্রামবাসী আতঙ্কিত। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় রাত জেগে পাহারার ব্যবস্থা করেছি।
ঘিওর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ডাকাতি সংঘটিত এলাকাগুলো আমি পরিদর্শন করেছি। এলাকার লোকজনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আইন-শৃংঙ্খলা ভালো রাখার স্বার্থে রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে।
ইতোমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।
এমআইএস।





