উড়োজাহাজে মুঠোফোন যত্রতত্র ব্যবহার করা যাবে না। এখন থেকে বিমানযাত্রী, উড়োজাহাজ চালক ও ক্রুদের মুঠোফোনে ব্যবহারের বেশ কিছু নির্দেশনা মেনে চলতে হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল অ্যাভিয়েশন) এই নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা অমান্যকারী বিমান সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে সিভিল অ্যাভিয়েশনের ৩৩৩ রুল অনুযায়ী কারাদণ্ড, জরিমানা, লাইসেন্স ও সনদ বাতিল করা হতে পারে।
নির্দেশনার মধ্যে রয়েছে, উড়োজাহাজ চলাকালীন সময়ে এর চালক ও ক্ররা মুঠোফোন বা এ জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করে সেলফি, স্থির চিত্র কিংবা ভিডিও ধারণ করতে পারবেন না। এ ছাড়া বিমানযাত্রীরা উড়োজাহাজ ওঠা-নামার সময় মুঠোফোন ব্যবহার করে সেলফি, স্থির চিত্র কিংবা ভিডিও চিত্র ধারণ করতে পারবেন না।
তবে উড়োজাহাজ আকাশে ওড়ার পর যাত্রীরা চিত্র ধারণ করতে পারবেন। তবে এ জন্য সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে আগেই অনুমতি নিতে হব।
সম্প্রতি সারা বিশ্বে ঘটে যাওয়া কয়েকটি বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দিয়েছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। গত ১৯ সেপ্টেম্বর সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনাটি বাংলাদেশে চলাচলকারী দেশি-বিদেশি সব বিমান সংস্থাকে দেওয়া হয়েছে।
এমবিএইচ





