টানা অবস্থান কর্মসূচির পর এবার নতুন কর্মসূচি হিসেবে বিভিন্ন গার্মেন্টস কারখানার সামনে প্রচারপত্র বিলি ও সমাবেশের ঘোষণা দিয়েছে সোয়ান গার্মেন্টসের শ্রমিকরা।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন এ ঘোষণা দেন।
তিনি বলেন, গত ১২ জুলাই থেকে সোয়ান গার্মেন্টস খুলে দেওয়া, শ্রমিকদের চার মাসের বেতনসহ বোনাস ও মামলা প্রত্যাহারের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছি আমরা।
একই দাবিতে প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী, বিজিএমইএ সহ সংশ্লিষ্ট অফিসে লিখিত আবেদন জানানো হয়েছে। কিন্তু কেউই এই সমস্যার সমাধান করেননি।
আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে কাজী রুহুল আমিন বলেন, অবস্থান কর্মসূচির পরিবর্তে ১ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন উত্তরা, গাজীপুর, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ, শ্যামপুর, যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা ও মিরপুর এলাকার গার্মেন্টস সহ সব গার্মেন্টস কারখানার সামনে সভা ও প্রচারপত্র বিলি করা হবে।
০১ আগস্ট (শনিবার) বিকেল সাড়ে ৩টায় শ্যামপুরে অবস্থিত সোয়ান গার্মেন্টস থেকে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও প্রচারপত্র বিলির মাধ্যমে নতুন এ কর্মসূচি পালন শুরু হবে। এরপর ০৪ আগস্ট বিকেল ৪টায় শাহবাগে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
এ সংবাদ সম্মেলনে সোয়ান গার্মেন্টসের শতাধিক শ্রমিকসহ উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ প্রমুখ।
এআই





