নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুর রহমান ওরফে বাংলাভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী মেহেদি হাবিব মো. রফিককে (৩৮) গাজীপুর থেকে গ্রেফতার করেছে ময়মনসিংহের র‌্যাব-১৪।

গাজীপুর জেলার বোর্ড বাজার বটতলা এলাকা থেকে বুধবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি জামালপুর জেলার ইকবালপুরের সরকারবাড়িতে। তিনি ১০ বছর ধরে পলাতক ছিলেন।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে অধিনায়ক এনামুল আরিফ সুমন জানান, ২০০৫ সালে ময়মনসিংহ জজকোর্ট, জেলা পরিষদ সংলগ্ন স্থান ও কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাসহ শহরের একাধিক স্থানে সিরিজ বোমা হামলা মামলার ৩নং আসামি সে। দীর্ঘ ১০ বছর ধরে সে পলাতক ছিল। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে তিনটি মামলা রয়েছে।

জেআই