জাতীয় বাজেটে (২০১৫-১৬) শিশুদের কল্যাণে সরকার পরীক্ষামূলকভাবে যে পরিমাণ অর্থ ব্যয় করার অঙ্গীকার করছে, তা বাস্তবায়নের দাবি জানিয়েছে ন্যাশনাল চিলড্রেন ট্রান্সফোর্স (এনসিটিএফ) ও চাইল্ড বাজেট ফোরাম (সিবিএফ)।
শনিবার দুপুরে রাজধানীর রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে সংগঠনদুটির আয়োজনে ‘জাতীয় বাজেট ২০১৫-১৬ : সরকারের ঘোষিত শিশু-বাজেট অঙ্গীকারের বাস্তবায়ন চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে- শিশু বাজেটে শিশুদের অধিকার, প্রয়োজন ও অগ্রাধিকারের নিরিখে বরাদ্দ ও বাস্তবায়নের চিত্র প্রকাশ করা, শিশুবাজেটের কাঠামো প্রণয়ন প্রক্রিয়ায় শিশুদের মতামতের প্রতিফলন থাকা, প্রতি অর্থবছরে শিশুদের জন্য বরাদ্দকৃত অর্থে পরিচালিত কার্যক্রমসমূহের ব্যয়ের গুণগত মান নিরুপনের জন্য এর মূল্যায়ন প্রতিবেদন প্রণয়ন করা, শহরের বস্তিতে বসবাসরত শিশুদের সুরক্ষা ও বিকাশের জন্য বাজেটে আলাদাভাবে বরাদ্দ এবং দিক-নির্দেশনা থাকা, ২০১৪-১৫ অর্থবছরে শিশুদের জন্য যে ৫ কোটি টাকার বরাদ্দ দেয়া হয়েছে তা কোনখাতে কত ব্যয় করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে তারা জানতে চান।
বক্তারা বলেন, শিশু বাজেট কোন আলাদা বাজেট নয়; কিন্তু এটার মানে হচ্ছে সরকার বাজেটে শিশুদের জন্য কত বরাদ্ধ রেখেছে, কত ব্যয় হয়েছে তার চিত্র। শিশু বাজেটের কিছু সুবিধা হলো- শিশুদের জন্য বছরে কত টাকা বরাদ্দ আছে তা সকলে জানতে পারে।
এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় শিশুদের কল্যাণে বছরে কত টাকা ব্যয় করছে এবং কতজন শিশু এতে উপকৃত হচ্ছে তা জানা।
বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, শিশুবাজেট যাতে শুধু শিশুদের জন্য মোট বরাদ্ধ প্রকাশের বাজেটে পরিণত না হয়।
চাইল্ড বাজেট ফোরামের চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাংসদ উম্মে রাজিয়া কাজল। আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গরহর নাঈম ওয়ারা, এনসিটিএফ এর তানজিলা সুমি প্রমুখ।
এমএ, জেএ





