রাজধানীর তেজগাঁও আনিসুল হক সড়কে কোনো গাড়ি পার্কিং করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এই সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

মেয়র বলেন, আমরা এখানে আসলে এই রাস্তা খালি হয়ে যায়। আবার আমরা ফিরে গেলে আগের মতোই সড়ক দখল করে রাখে। ট্রাক মালিক ও চালকরা আমাদের আর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে টম অ্যান্ড জেরি খেলা খেলছেন। এই কাজ করে সড়কে যানজট তৈরি হচ্ছে এবং জনভোগান্তি হচ্ছে। এই টম অ্যান্ড জেরি খেলা আর খেলতে দেওয়া হবে না। জনগণের চলাচল বাধাগ্রস্ত করে এই রাস্তায় কোনো গাড়ি রাখতে দেওয়া হবে না।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ডিএনসিসির অঞ্চল-৩ এর আওতাধীন তেজগাঁও আনিসুল হক সড়কে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ডিএনসিসি। অভিযান শেষে মেয়র মো. আতিকুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এদিন বেলা সাড়ে এগারোটায় মেয়র মো. আতিকুল ইসলাম সরেজমিনে সড়কটি পরিদর্শনে যান। ট্রাক মালিক সমিতির অফিসের সামনে সড়ক জুড়ে বেশ কিছু ট্রাক রাখা ছিল। মেয়রের নির্দেশে পরে সেখান থেকে ওই ট্রাকগুলো সরিয়ে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ডিএনসিসি মেয়র পুরো সড়কটি ঘুরে দেখে বলেন, রেললাইনের পরপরই (পাশেই) লেগুনার স্টেশন করা হয়েছে। এ ধরনের লেগুনা স্টেশন এখানে কোনোভাবেই থাকতে পারবে না। কোনো ট্রাক-কাভার্ডভ্যান দাঁড়াতে পারবে না।

এ সময় ট্রাক মালিকরা জানান, গাড়ি রাখার জন্য প্রয়োজনীয় জায়গা তাদের নেই। জায়গার ব্যবস্থা করতে মেয়রকে অনুরোধ জানান মালিকরা।

এইচএম