ঝিনাইদহে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের এস আই শাহজাহান আলীসহ ১০ জন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার শৈলকুপা উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত শৈলকুপার কাতলাগাড়ি পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শাহজাহান আলী, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, আব্দুস সেলিম, তৈয়ব আলী ও নায়েব আলীসহ ১০ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশসুত্রে জানা যায়, সকালে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোয়ালবাড়িয়ো গ্রামে আওয়ামী লীগ নেতা সাত্তার ও মোস্তফা গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।
এতে সাত্তার গ্রুপের সাত্তারসহ ৪ জন ও মোস্তফা গ্রুপের নায়েব আলীসহ ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় পুলিশের ওপর হামলা করা হয়।
এ হামলায় শৈলকুপার কাতলাগাড়ি পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শাহজাহান আলীর মাথা ফেটে আহত হন। তার মাথায় ৮টি সেলাই দিতে হয়েছে বলে জানা যায়।
এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে শৈলকুপা থানায় এখনো কোনো মামলা হয়নি।
ঢাকা, ১৪ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





