রাজধানীর তুরাগ থানাধীন দোর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সঙ্গী আরেক আরোহী।
নিহতের নাম আসাদুজ্জামান সেলিম (৩০)। তিনি ব্র্যাক ব্যাংকের আজমপুর শাখার একজন সিনিয়র কর্মকর্তা ছিলেন।
আহতের নাম জাকির হোসেন (৩৩)। রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আসাদুজ্জামান সেলিম ও জাকির হোসেন মোটরসাইকেলে করে উত্তরা থেকে আসছিলেন। তুরাগ থানাধীন দোর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়।
এ সময় পথচারীরা গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত পৌনে ২টার দিকে আসাদুজ্জামান সেলিম মারা যান।
উন্নত চিকিৎসার জন্য গুরুতর অবস্থায় জাকির হোসেনকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এমকে





