গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ডাচবাংলা ব্যাংকের একটি এটিএম বুথ থেকে ডাকাতির হওয়া টাকা হস্তান্তরের দুইটি খালি ট্রাংক ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার আছিম ইউনিয়নের বাঁশদী এলাকার কড়ইতলা পুকুর থেকে পরিত্যাক্ত অবস্থায় এ ট্রাংক দুটি উদ্ধার করা হয়।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়রা ওই পুকুরে পরিত্যাগ অবস্থায় দুটি ট্রাংক দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ট্রাংক দুটি উদ্ধার করে।

ওসি জানান, ডাকাতরা টাকা নিয়ে ট্রাংক দুটি সেখানে ফেলে রেখে গেছে। ট্রাংক থেকে একটি এটিএম কার্ড পাওয়া যায়।

এর আগে, বুধবার রাতে গাজীপুরের পল্লীবিদ্যুৎ এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে এক কোটি ৮৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এমবি