বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে সংর্ঘষের ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন। এ সময় ২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের পন্ডিতপুকুর বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ভাটরা ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় নৌকা মার্কার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোরশেদুল বারীর সমর্থকরা পন্ডিতপুকুর বাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল্লাহেল বাকীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠান সামনে রাখা দুটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহেল বাকীসহ ৫ থেকে ৬ জন আহত হয়। পরে সংর্ঘষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। এ খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নন্দীগ্রাম থানার অফিসার (ওসি) আবুল কালাম আজাদ বলেন, উভয়পক্ষকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিএস





