রাজশাহী মহানগরীর মেহেরচণ্ডি এলাকার ওলি বাবার মাজারের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খরব দেয় এলাকাবাসী। সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত ওই যুবকের বুকে গুলির চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই যুবককে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে পুলিশ তাদের গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।
গুলিবিদ্ধ দু’জন হলেন, মহানগরীর শ্যামপুর এলাকার শিবিরকর্মী সবুজ আলী ও ষষ্ঠীতলা এলাকার আফিস ইসলাম শোভন। শোভন মহানগরীর রামচন্দ্রপুর বিএম কারিগরি কলেজ ও সবুজ বিনোদপুর ইসলামিয়া কলেজের ছাত্র।
শোভন কোনো ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত নন বলে তার পরিবারের পক্ষে থেকে দাবি করা হয়েছে।
মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে গুলিবিদ্ধ সবুজের পরিবার দাবি করে, সোমবার (৯ মার্চ) রাতে শ্যামপুর এলাকার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
জেএ





