আগামীকাল ২রা অক্টোবর (শনিবার) বিকেল ৫ টায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মান থেকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ ভ্যাকসিন দেশে আসবে।

ভ্যাকসিন গ্রহণ করতে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এবং স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত থাকবেন।

আজ শুক্রবার ( ১ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, টিকার চালান গ্রহণ করতে শনিবার বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত থাকবেন। টিকার চালান গ্রহণ শেষে তারা ব্রিফ করবেন।

এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়।

৩১ জুলাই দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে আসে। গত ২ আগস্ট তৃতীয় চালানে আসে উপহারের আরও ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা এবং ২১ আগস্ট চতুর্থ চালানে সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা ঢাকায় আসে।

গত ২৮ আগস্ট জাপান থেকে ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকার পঞ্চম চালান দেশে আসে।

উল্লেখ্য, কোভ্যাক্সের আওতায় জাপান ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা উপহারের ঘোষণা দিয়েছিল। সে তালিকায় বাংলাদেশের নামও ছিল।

জাপান ইতোমধ্যে ৫ দফায় তার প্রতিশ্রুত টিকা বাংলাদেশকে পৌছে দিয়েছে।

এইচএন