সিলেটের কোম্পানীগঞ্জে অপহরণের দুই দিন পর বাবা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার পুটামারা গ্রাম থেকে সোমবার সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা গ্রামের আব্দুস সালাম (৫০) ও তার মেয়ে রোজী বেগম (২১)। শনিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে অতর্কিত অপহরনের শিকার হন তারা।
এ ঘটনায় সোমবার রাতে নিহতের পরিবারের পক্ষ থেকে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারেরা হলেন, পুটামারা গ্রামের আবদুর রউফ, ফাহিম, মেহেরুন্নেসা ও সালমা বেগম।
কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম জানান, শনিবার কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ গ্রাম থেকে বেড়িয়ে বাড়িতে ফেরার পথে রাত ৯ টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা পুটামারা গ্রামের আব্দুস সালাম (৫০), তার স্ত্রী রোশনা বেগম (৪৩) ও মেয়ে রোজী বেগমের (২১) উপর হামলা চালায়। এ সময় রোশনা বেগমের মাথায় আঘাত করে অজ্ঞান করে আব্দুস সালাম ও তার মেয়ে রোজী বেগমকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
অপহরণের পর আব্দুস সালাম ও তার মেয়ে রোজী বেগমের সন্ধান পাওয়া যাচ্ছিল না। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পুটামারা গ্রামে গিয়ে সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরো জানান, গ্রেফতারেরা নিহত আব্দুস সালামের চাচাতো ভাই। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। অপহরণের পর হত্যা করে লাশ গুম করে ঘাতকরা।
এম এ





