রাজধানীর হাইকোর্ট মাজার গেইটের সামনে সিমেন্টের লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে লরির নিচে চাপা পরে একজন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মায়েজউদ্দিন সুমন (২৮) কায়েদে আজমের ছেলে। তাদের বাসা বংশালের নাজিমউদ্দিন রোডে। সুমন ইসলামপুরে কাপড়ের দোকানে চাকরি করত।

নিহতের বন্ধু মোহাম্মদ শান্ত জানান, এক বড় ভাইয়ের বিয়েতে ঢাকা শিক্ষাবোর্ড এলাকায় যায় সুমন। সেখান থেকে বরযাত্রীর সঙ্গে মোটরসাইকেল চালিয়ে বংশাল আসার সময় মাজার গেইটের সামনে দুর্ঘটনা শিকার হয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা মোহাম্মদ জনি (২৬) আহত হন।

জনিকে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহবাগ থানার ‍ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মামুন ফরায়েজী সুমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘাতক সিমেন্টের লরি ও এর চালককে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এএইচ